শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

জাল টিআইএন ব্যবহার করে লাখ লাখ নামী-দামী গাড়ির নিবন্ধন নেয়া হয়েছে

Paris
Update : সোমবার, ১ মার্চ, ২০২১

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সমন্বয়হীনতাকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র জালিয়ারিত মাধ্যমে গাড়ির নিবন্ধন করে নিচ্ছে। বছরের পর বছর ধরে চলমান ওই অপকর্মে মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জালিয়াত চক্রটি ইতিমধ্যে জাল টিআইএন ব্যবহার করে প্রায় ৫ লাখ গাড়ির রেজিস্ট্রেশন (নিবন্ধন) করিয়ে নিয়েছে। গত বছরের শুরুতে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে বিআরটিএ থেকে এক হাজার ৮২১টি বিলাসবহুল গাড়ির তথ্য সংগ্রহ করে।

ওই গাড়িগুলোর মধ্যে রয়েছে- বিএমডব্লিউ, ভলভো, মার্সিডিজ বেঞ্জ, আউডি, লেক্সাস, জাগুয়ার, হ্যামার, প্রাডো ও হ্যারিয়ার। তার মধ্যে ৮৯১টি গাড়ির রেজিস্ট্রেশনে ব্যবহার করা টিআইএন যাচাই করে দেখা যায় ১২৬টি গাড়ির রেজিস্ট্রেশনে জাল টিআইএন (ট্যাক্সপেয়ার্স আইডেনটিফিকেশন নাম্বার বা করদাতা শনাক্তকরণ নম্বর) ব্যবহার করা হয়েছে। তখনই উভয় সংস্থার কর্তাব্যক্তিদের টনক নড়ে। তারপরই বিআরটিএ’র সঙ্গে দফায় দফায় বৈঠক করে জাল টিআইএন’র তৎপরতা বন্ধে টিআইএন সার্ভারের সঙ্গে বিআরটিএ সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ শুরু হয়। এনবিআর এবং বিআরটিএ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।-এফএনএস

সংশ্লিষ্ট সূত্র মতে, নিয়মানুযায়ী গাড়ি রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএ’র নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হয়। আবেদন ও সংযুক্ত দলিলগুলো যাচাই-বাছাই করে সঠিক পেলে গ্রাহককে রেজিস্ট্রেশন ফি জমা দিতে বিআরটিএ থেকে অ্যাসেসমেন্ট স্লিপ দেয়া হয়। আর ফি জমা হওয়ার পর পরিদর্শনের জন্য গাড়ি বিআরটিএ কার্যালয়ে হাজির করতে হয়। গাড়ি পরিদর্শনের পর মালিকানা ও গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিএ ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়। তারপর সহকারী পরিচালক (প্রকৌশল) রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়।

রেজিস্ট্রেশনের নম্বর উল্লেখ করে প্রাপ্তি স্বীকারপত্র, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরসহ গ্রাহককে দেয়া হয়। সেক্ষেত্রে অবশ্যই টিআইএন সার্টিফিকেট ও অগ্রিম/অনুমিত আয়কর প্রদানের প্রমাণপত্রও লাগে। কিন্তু দেশে জাল টিআইএন-এ দামি গাড়ি রেজিস্ট্রেশনে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে উঠেছে। গাড়ি আমদানিকারক থেকে শুরু করে বিআরটিএ’র কর্মকর্তা-দালালদের সমন্বয়ে সৃষ্ট ওই চক্রের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া চলে। মূলত ঘুষ লেনদেনের মাধ্যমেই ওসব গাড়ির রেজিস্ট্রেশন করা হয়। তবে সিস্টেম ইন্টিগ্রেশনের ফলে এখন আর জাল টিআইএন’এ গাড়ি রেজিস্ট্রেশন করা যাবে না।

সূত্র জানায়, সিস্টেম ইন্টিগ্রেশনের পর বিআরটিএ’র সফটওয়্যারে ১২ লাখ ৮৫ হাজার ৫৭২টি গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে টিআইএন পাওয়া যায়। তার মধ্যে ৮ লাখ ৪৩টি গাড়ির টিআইএন সঠিক। বাকি ৪ লাখ ৮৫ হাজার ৫২৯টি টিআইএন সঠিক নয়। অর্থাৎ জাল টিআইএন দেখিয়ে ওসব গাড়ির নিবন্ধন নেয়া হয়েছে। আয়কর অধ্যাদেশে জাল টিআইএন ব্যবহারের জন্য ব্যবহারকারীর ওপর আর্থিক জরিমানাসহ কারাদণ্ডের বিধান রয়েছে। ১২৪এ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্যের টিআইএন অথবা জাল টিআইএন ব্যবহার করে বা আয়কর আইন অনুযায়ী যেসব ক্ষেত্রে টিআইএন ব্যবহার বাধ্যতামূলক, সেসব ক্ষেত্রে জাল টিআইএন ব্যবহার করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা আরোপের বিধান রয়েছে।

অন্যদিকে সেবাদাতা প্রতিষ্ঠান সেবা দেয়ার সময় টিআইএন ভেরিফিকেশন না করলেও ওই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপের বিধান রয়েছে। আয়কর অধ্যাদেশের ১২৪এএ ধারা অনুযায়ী সেবা প্রদানকালে টিআইএন সনদ যাচাই না করলে সেবাদানকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে আয়কর বিভাগ। ১৬৫এ ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি জাল টিআইএন ব্যবহার করে বা অন্যের টিআইএন ব্যবহার করে, সেক্ষেত্রে ব্যবহারকারীকে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এদিকে বিশেষজ্ঞদের মতে, জাল টিআইএন দিয়ে গাড়ি রেজিস্ট্রেশন নেয়ার বিপুল অঙ্কের রাজস্ব হারিয়েছে সরকার। এটি দেখার মূল দায়িত্ব ছিল বিআরটিএ’র। তবে দেরিতে হলেও বিষয়টি ধরা পড়েছে। এখন যারা জাল টিআইএন দিয়ে রেজিস্ট্রেশন নিয়েছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়ম করতে না পারে। এ প্রসঙ্গে এনবিআরের আয়কর নীতির সদস্য আলমগীর হোসেন জানান, ভুয়া টিআইএন ব্যবহারকারীদের এখন তো খুঁজে খুঁজে বের করা সম্ভব নয়।

যেহেতু দুই সংস্থার সিস্টেম ইন্টিগ্রেশন হয়ে গেছে, তাই গাড়ি রেজিস্ট্রেশন নবায়নের সময় ভুয়া টিআইএনধারীরা ধরা পড়বেই। তখন নবায়নে তাদের সঠিক টিআইএন দিতে হবে। আর এনবিআর তখন ওসব গাড়ির মালিকের কর ফাইল পুনঃউন্মোচন করবে।


আরোও অন্যান্য খবর
Paris