রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। বেলা ১১টার দিকে অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অলি আহমদ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান। অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি আর পরীক্ষা করার প্রয়োজন হয়নি বলে জানান ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলের সদস্য ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন। তিনি বলেন, ‘অলি আহমেদের দুটি মনোনয়নপত্র ছিল, বাছাইয়ে প্রথম মনোনয়নপত্রটি বৈধ হয়েছে। তাই দ্বিতীয়টি পরীক্ষার প্রয়োজন হয়নি।’ এরপর দুপুর ১২টার দিকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। তাঁর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। মির্জা ফখরুলের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক হলেন আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। মির্জা ফখরুলের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় অন্যটি আর কার্যকর থাকেনি। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘দুজনের মনোনয়নপত্র পরীক্ষা করে গৃহীত হয়েছে।’
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক শফিকুর রহমান এবং সমর্থক আব্দুল্লাহ আল আমিন। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক ও সমর্থক দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে। এ নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ক্ষমতাসীন দল বিএনপি। অন্যদিকে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য অলি আহমদকে প্রার্থী করেছে।-এফএনএস
