১০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট’র চ্যাম্পিয়ন ‘রুয়েট ডিসি সক্রেটিস’

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট’র চ্যাম্পিয়ন ‘রুয়েট ডিসি সক্রেটিস’
বিজ্ঞাপন

শোয়েব বিন জামান, রুয়েট : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়বিচার, মেধা, জবাবদিহিতা ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট কম্পিটিশন–-২০২৬’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাবের দল ‘রুয়েট ডিসি সক্রেটিস’। তীক্ষ্ণ যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপনা, দলগত সমন্বয় এবং আত্মবিশ্বাসী পরিবেশনার মাধ্যমে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় শিরোপা জিতে নেয় দলটি। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর আয়োজনে এবং ‘ডিবেট বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘৩৬ জুলাই উদযাপন–২০২৬’ উপলক্ষ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ‘দ্য জুলাই আপরাইজিং: জাস্টিস, মেরিট অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়বিচার, মেধা ও জবাবদিহিতার মূল্যবোধকে ধারণ করে তরুণ প্রজন্মের যুক্তি, চিন্তা ও নেতৃত্বের বিকাশ ঘটানো।
এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিতর্ক সংগঠনের ২৪টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ফেনী ডিবেট ফোরাম, চাঁদপুর ডিবেট মুভমেন্টসহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিতর্ক সংগঠন।
প্রতিযোগিতার প্রিলিমিনারি (ট্যাব) রাউন্ড অনলাইনে ডিসকর্ড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। পরে রোবাবার (৯ আগস্ট) ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। চারটি প্রিলিমিনারি রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ‘রুয়েট ডিসি সক্রেটিস’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে রুয়েট ডিবেটিং ক্লাবের বিতার্কিক আবিদ মাহমুদ ফাইনালে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।
প্রতিযোগিতার মোট প্রাইজপুল ছিল ১ লাখ ২ হাজার টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পায় ৪০ হাজার টাকা, রানার্সআপ ৩০ হাজার টাকা, দুই সেমিফাইনালিস্ট দল ১০ হাজার টাকা করে, ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ পান ৭ হাজার টাকা এবং ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ পান ৫ হাজার টাকা। প্রতিযোগিতার ইকুইটি টিমে দায়িত্ব পালন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি মো. ফাহাদ হোসেন এবং বুটেক্স ডিবেটিং ক্লাবের সাবেক চিফ অব ইংলিশ উইং অপ্সরী আবেদীন। এ সাফল্যে রুয়েট ডিবেটিং ক্লাব জানায়, জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পেরে তারা গর্বিত। ক্লাবের সদস্যদের মতে, নিরলস অনুশীলন, যুক্তিনির্ভর উপস্থাপনা, দলগত সমন্বয় এবং বিতর্কের প্রতি নিবেদনই এ অর্জনের মূল ভিত্তি। ভবিষ্যতেও জাতীয় অঙ্গনে একই ধারাবাহিকতা বজায় রেখে রুয়েটের সুনাম আরও সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন