শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলো- উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের তাজিমুল হকের ছেলে সোহেল রানা (২০), সদর উপজেলার পেয়ারাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে রহমত আলী ওরফে আপেল (১৯), ফারুক ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২০) ও আবু বাক্কারের ছেলে মহিম ইসলাম (১৯)। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মানাধীণ বাড়ি হতে মাদকসেবন করার সময় ওই চারজনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় গাঁজা, কলকি ও গ্যাস লাইট। এতে আরো বলা হয়, আটক চারজনই কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কারবার করে আসছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।