৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী সার্কিট হাউস রোডে নারীদের উত্ত্যক্ত করা বখাটেদের তিন জন গ্রেফতার

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ | বিভাগ: lead, অপরাধ
রাজশাহী সার্কিট হাউস রোডে নারীদের উত্ত্যক্ত করা বখাটেদের তিন জন গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সার্কিট হাউস সংলগ্ন সড়কে নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার পরদিন গত বুধবার সকালে আরএমপির ফেসবুক পেজে চারজন অভিযুক্তের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার দুইজন হলো, নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. জুবায়ের হোসেন রাকিব (১৯), কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০) ও কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার মো: আব্দুর রাজ্জাকের ছেলে মো: রাজু (২১)।
পুলিশ জানায়, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে তীব্র নিন্দার সৃষ্টি হয়। ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে আসামিদের নাম-ঠিকানা সংক্রান্ত তথ্য আহ্বান করে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়। আসামিদের গ্রেপ্তার করতে আরএমপি’র একাধিক টিম কাজ শুরু করে। পরবর্তীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) নাসিদ ফরহাদের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় গতকাল সকাল ও বিকেলে অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেপ্তার করে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন