সনি আজাদ, চারঘাট
রাজশাহীতে মাদকবিরোধী ভভিযানের সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওপর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে মাদক কারবারিরা হামলা চালিয়েছে। এতে ডিবি পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া তাদের ওপর হামলায় ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আহত দুই ডিবি পুলিশ কনস্টেবলের নাম ইউসুফ আলী (কং-১৬৯৫) ও বিশ্বজিৎ কুমার (কং-১২৯৯)। তাঁরা রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুর রহমান মসকানের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের তিন সদস্যের একটি দল। অন্য একটি দল ইউসুফপুর বাজারে অপেক্ষা করছিল। অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি রুবেল ও রায়হানকে আটক ডিবি। আটকের পর হ্যান্ডকাপ পরাতে গেলে রুবেলের বাবা মখলেসুর বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। তখন রুবেলের আরো দুই ভাই পাভেল ও সাব্বিরসহ তাদের ১০-১২ জন সহযোগী ঘটনাস্থলে আসে। এসময় রুবেলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তিন পুলিশ সদস্যের উপরে হামলা করে তাঁরা। এতে হাঁসুয়ার আঘাতে ইউসুফ ও বিশ্বজিৎ নামে দুই কনস্টেবল গুরুতর আহত হয়। পরে ডিবি পুলিশের অপেক্ষারত দল এসে দুজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার নেতৃত্বদানকারী রুবেল আলী ইউসুফপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় মখলেস, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। রুবেল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলমান আছে। কার্যক্রম শেষে পুলিশের ওপর হামলা ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।