২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চাওয়া খুবই অমানবিক : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ২:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চাওয়া খুবই অমানবিক : প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতা দখলের কথা ভাবছে, যা খুবই অমানবিক। প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণকে হত্যা করে লাশের ওপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাবার চিন্তা করে তাদের মতো অমানবিকতা আমি আর কোথাও দেখি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘সশস্ত্র বাহিনী দিবস- ২০২৩’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে একথা বলেন। তিনি বলেন, জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে জনগণকে হত্যা করে লাশের ওপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাবার যারা চিন্তা করে তাদের মতো অমানবিকতা আমি আর কোথাও দেখি না। এটা আমাদেরকে কাছে ভাবতেও অবাক লাগে। কাজেই আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রী বলেন, মানুষ যখন একটু শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল, একটু আশার আলো দেখছিল এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে এই অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ মানুষের জীবনটাকে আবার ব্যাহত করছে। একটা শংকার মধ্যে ফেলে দিচ্ছে। এটাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয়। যারা এই ধ্বংসাত্মক কাজ করছে তাদের বোধোদয় হবে সেই আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ না করে গণতান্ত্রিক ধারায় যোগ দিক, জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রাখুক। তাঁর সরকার একটার পর একটা চ্যালেঞ্জ মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, কোভিড-১৯ আমরা যেভাবে মোকাবেলা করলাম এরপরে অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের ঝামেলা মাঝে মাঝে শুরু হয়-সাধারণ মানুষকে কেন পুড়িয়ে মারা হয় সেটাই আমার প্রশ্ন? তিনি বলেন, এই সাধারণ মানুষকে পুড়িয়ে মারা, বাসে আগুন দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা কি কারণে? আমার কাছে এটা এখনো বোধগম্য নয়। দেশকে আরও এগিয়ে নিতে চান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাবা-মা, ভাই সব হারিয়েছি। আমার হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারাজীবন সংগ্রাম করেছেন। এ বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন, পরিকল্পনা মোতাবেক কাজ করে আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে ২০২৬ সালে। ২৬ সালে এই যাত্রা যেন ভালো ভাবে করতে পারি। ইতোমধ্যে আমরা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ যেন বন্ধ করতে না পারে সেটিই আমার একমাত্র লক্ষ্য। সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। আমরা শান্তিতে বাস করতে চাই। কিন্তু আমার দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেন যথাযথ প্রস্তুতি আমাদের থাকে, তা আমাদের সবসময় মনে রাখতে হবে। তিনি বলেন, আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত অতন্দ্র প্রহরী হিসেবে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করবে। সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শান্তিতে সমরে সব জায়গায় আমাদের সশস্ত্র বাহিনী সদা সচেষ্ট এবং শক্তিশালী। তাদের শক্তিশালী হিসেবে আমরা গড়ে তুলছি। সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো দুর্যোগ দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনীর মানুষের পাশে দাঁড়ায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন