এফএনএস : ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ সেরপ্টম্বর) সন্ধ্যায় ৬টা থেকে শুরু হয়ে ঘণ্টা ব্যাপী এ বৈঠক চলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে (বাংলাদেশ সময় দেড়টা) নয়াদিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। নয়াদিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেন। তবে বৈঠকের বিষয়ে এ প্রতিবেদন তৈরি পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জি-২০ সম্মেলন (৯ থেকে ১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর এ সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, ‘এটি উল্লেখ করতে হয় আমরা বাংলাদেশকে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি খুবই কাছের এবং বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসেছেন এবং (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠক করবেন আর আমি মনে করি এ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ।‘
এদিকে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল। শেখ হাসিনার সঙ্গে বৈঠকের আগে মোদি মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। মরিশাসের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মোদির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এদিকে বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনে প্রধান কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন তিনি।