চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ জেলা শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় সক্রিয়ভাবে অংশ নেয়। এমনকি বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শহরে শোডাউন দেয়। এমন বেশকিছু অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দলনেতাসহ কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব। শুক্রবার (২৫ আগষ্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলা শহরের দরগাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের হাতল যুক্ত তিনটি ক্ষুর ও ৫০ গ্রাম গাঁজা উদ্বার করে র্যাব।
শনিবার (২৬ আগষ্ট) দুপুরে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন- কিশোর গ্যাং গ্রুপের মূলহোতা জেলা শহরের মসজিদপাড়া মহল্লার মহিদুল ইসলামের ছেলে মারুফ ইসলাম (১৯) একই এলাকার মো. জামালের ছেলে মো. মনির (২২), বুলবুল আলীর ছেলে সোয়েব আক্তার (১৯), সেন্টু মিয়ার ছেলে আব্দুল মাজিদ (১৯)।
র্যাব জানায়, আটককৃত কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা শহরের বিভিন্ন অপরাদ কর্মকান্ডে জড়িত। তাদের নামে একাধিক মামলা রয়েছে। কিশোর গ্যাংবিরোধী অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।