চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে সুদ এবং এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আব্দুল কুদ্দুস নামের এক মাছ চাষী গলায় ফাঁ–স দিয়ে আ-ত্ম-হ-ত্যা করেছেন। তিনি সদর ইউনিয়নের পঁওরা গ্রামের মৃত শমসের আলীর ছেলে। গতকাল বুধবার সকালে তাঁর বসতবাড়ির পাশের আম গাছ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল কুদ্দুসের ছেলে জসিম উদ্দিন জানান, তাঁর বাবা বিভিন্ন এলাকায় ৪-৫টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। পুকুর লিজ নিতে ও মাছের খাবার কিনতে আশ্রয়, ব্যুরো ও আশা এনজিও এবং কয়েকজন সুদ ব্যবসায়ীর কাছে থেকে ১০-১২ লক্ষ টাকা ঋণ নেন। বৃষ্টি না হওয়ায় স্যালো মেশিনের পানিতে মাছ চাষ করে লোকসানে হয় এ বছর। এ অবস্থায় এনজিও ও সুদের টাকা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। বাড়ির লোকজনের মুখে শুনেছি মঙ্গলবারও কয়েকজন পাওনাদার টাকার জন্য বাড়িতে এসেছিল। তবে কারা এসেছিল তা শনাক্ত করতে পারিনি। এ অবস্থায় মঙ্গলবার রাত ১০ টার দিকে পুকুর পাহারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে বুধবার সকালে বাড়ির পাশের আম গাছের সাথে লাশ ঝুলতে দেখে থানায় জানালে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল কুদ্দুস মাছ চাষে ক্ষতিগ্রস্থ হয়ে হতাশ হয়ে পড়েছিলেন। পাশাপাশি ঋণ পরিশোধের চাপও বাড়ছিল। এজন্য হয়তো ঋণের দায় এড়াতে আত্মহত্যা করেছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ব্যুরো, আশা, আশ্রয় এনজিওর চারঘাট বাঞ্চ জানায়, নিয়ম অনুযায়ী সময়মত কিস্তি পরিশোধের জন্য বলা হতো। তবে দেরিতে হলেও তিনি প্রতিমাসে কিস্তি পরিশোধ করতো। তাকে অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়নি। চারঘাট মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেন বলেন, আমরাও প্রাথমিক ভাবে ধারনা করছি অনেক বেশি ঋণের চাপে আত্নহত্যা করেছেন তিনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।