এফএনএস
প্রায় সাড়ে ৪ বছর পর আজ বুধবার রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৫৮টি উপজেলার প্রায় প্রতিটি থেকে প্রায় ৩-৪ হাজার করে মানুষ যোগ দেবেন এ জনসভায়। আর এজন্য বাংলাদেশ রেলওয়ে ও আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে ৮টি বিশেষ ট্রেনের। ট্রেনগুলো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে বুধবার রংপুর যাবে। এ তথ্য নিশ্চিত করে রেলওয়ে পশ্চিম অঞ্চল জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনের ভাড়া দলের স্থানীয় নেতারা দেবেন। এদিকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পুরোদমে প্রস্তুতি চলছে রংপুরে। এ সফরে প্রধানমন্ত্রী প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭ প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়া, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণ, রংপুর জেলায় বিটাক কেন্দ্র স্থাপন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়, রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অফিস ভবনসহ ৫ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী রংপুরকে যেভাবে উন্নয়নের মোড়কে সাজিয়েছেন, তা বিগত কোনো সরকার করতে পারেনি। এর আগে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর রংপুর সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুরে আসছেন। এ কারণে জিলা স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক জনসমাগম ঘটাতে কাজ করছে আওয়ামী লীগ। স্কুল মাঠে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। এ সফরকে সামনে রেখে পুরো রংপুর শহর ঢেকে গেছে মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী লীগ নেতাদের বিশাল বিলবোর্ডে। রংপুরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ। সমাবেশ স্থলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের আমলে রংপুরে রসিক গঠন, রংপুর মেট্রোপলিটন, রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমি স্থাপন, ঢাকার সঙ্গে রংপুরের সংযোগে ৬ লেনের মহাসড়কসহ বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া ক্যান্সার হাসপাতালসহ বেশ কিছু প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এসব উন্নয়নের মধ্যেও তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের দুর্দশা লাঘবে তিস্তা মাস্টারপ্ল্যান বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সফর থেকে নতুন করে উন্নয়নের ঘোষণা আশা করছে রংপুরবাসী।