এফএনএস
সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে থাকা বিএনপির পদযাত্রার দুই দিন দিন ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ মঙ্গল ও আগামীকাল বুধবার সারা দেশে এ কর্মসূচি পালন করতে যাচ্ছে আওয়ামী লীগ। গতকাল সোমবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। সেখানে বলা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার নামে বিএনপির ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকে’ রুখে দিতে এবং ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরতে সারা দেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। গত ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন প্রাথমিক কর্মসূচি হিসেবে ১৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেন। পরের দিনও ঢাকায় হবে একই কর্মসূচি। মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং বুধবার উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বিএনপির পদযাত্রা হবে। আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার তারাও সব বিভাগীয় ও জেলা শহরে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে। এই কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি যে পথে যাবে: মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন রুট ঘুরে বিএনপির পদযাত্রা পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পৌঁছাবে বিকাল ৪টায়। যাত্রাপথ¬Ñ গাবতলী- টেকনিক্যাল মোড়- মিরপুর-১- মিরপুর-১০ গোল চত্ত্বর- কাজীপাড়া- শেওড়াপাড়া- তালতলা(আগারগাঁও)- বিজয় স্মরণী- কাওরান বাজার- এফডিসি- মগবাজার- মালিবাগ- কাকরাইল- নয়াপল্টন(বিএনপি অফিস)- ফকিরাপুল- মতিঝিল (শাপলা চত্বর)- ইত্তেফাক মোড়- দয়াগঞ্জ- রায়সাহেব বাজার মোড়। বুধবার একই সময়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে বিএনপির পদযাত্রা যাত্রাবাড়ী পৌঁছাবে বিকাল ৪টায়। যাত্রাপথÑ আব্দুল্লাহপুর- বিমানবন্দর- কুড়িল বিশ্বরোড- নতুন বাজার- বাড্ডা- রামপুরা ব্রিজ- আবুল হোটেল- খিলগাঁও- বাসাবো- মুগদাপাড়া- সায়েদাবাদ-যাত্রাবাড়ী চৌরাস্তা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ঢাকা ছাড়া সকল মহানগর ও জেলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি হবে। কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপির পাশাপাশি সরকারপতনের যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোও আলাদাভাবে একই কর্মসূচি পালন করবে দুই দিন।
আওয়ামী লীগ যে পথে যাবে : বিপ্লব বড়ুয়া জানান, মঙ্গলবার বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে হবে শান্তি সমাবেশ। তারপর শোভযাত্রা করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। যাত্রাপথÑ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন- শাহবাগ- কাঁটাবন- সায়েন্সল্যাব- কলাবাগান- ধানমন্ডি ৩২। আর বুধবার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শান্তি সমাবেশ হবে। তারপর সেখান থেকে থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে ঢাকা উত্তর আওয়ামী লীগ। যাত্রাপথÑ সাতরাস্তা- তিব্বত- নাবিস্কো- মহাখালী বাস টার্মিনাল। ঢাকা জেলা আওয়ামী লীগ মহানগরের বাইরে দুই দিনই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে। দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপি সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। আমরা বিএনপির এই চেষ্টার বিরুদ্ধে সরকারের উন্নয়নের কথা তুলে ধরব। আর দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে, জনগণের আস্থা অর্জনের জন্য জনমত তৈরি করাই আমাদের লক্ষ্য। দেশে কোনো অস্থিতিশীল অবস্থা যেন সৃষ্টি করতে না পারে সে জন্য শান্তি সমাবেশ করব। বিপ্লব বড়ুয়া বলেন, যারা ‘এক দফা’র নামে নির্বাচন ভন্ডুল করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ব্যাহত করতে চাচ্ছে, সেই বিএনপিসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সারা দেশে সমাবেশ। দেশের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রযাত্রা হচ্ছে, সেই উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি গণতন্ত্রকে হত্যা করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের মানুষের কাছে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরতে আমরা উন্নয়ন শোভাযাত্রা করছি।