শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই আব্দুল হোসেনের (২৯) হাতে খুন হয়েছেন বড় ভাই সেতাউর রহমান (৪৩)। সোমবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ পিরোজপুর এলাকায় এ ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত আইনাল উদ্দিনের ছেলে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবারের সদস্যরা জানায়, গোয়াল ঘর থেকে বাড়িতে গরু উঠানো নিয়ে সেতাউর রহমানের সঙ্গে বিরোধ হয় ছোট ভাই আবদুল হোসেনের। এরই জেরে বিকেল ৩টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আবদুল হোসেন বড় ভাই সেতাউর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, বসতবাড়িতে গরু উঠানো নিয়ে পারিবারিক বিরোধে সেতাউরকে হত্যা করা হয়েছে। ঘাতক আবদুল হোসেনকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।