মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেনের নামে মামলা হয়তো বাহবা পাওয়া জন্য : পররাষ্ট্রমন্ত্রী

Paris
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

এফএনএস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিডিয়ায় বাহবা পাওয়া জন্য কেউ হয়তো জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে মূল উদ্দেশ্য কী আমি জানি না, আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. মোমেন। এ দিন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মার্কিন ভিসানীতি প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন তিন বাংলাদেশি। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এটা ওনাদের জিজ্ঞেস করেন। এটা হয়তো মিডিয়ায় বাহবা পাওয়া জন্য কেউ করেছেন। মূল উদ্দেশ্য কী আমি জানি না, আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই। সাংবাদিকরা আরও প্রশ্ন করেন, যারা ভিসানীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন, তারা তো সামাজিক পরিচয়ে আওয়ামী লীগ। এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, সামজিক পরিচয়ে সত্যি সত্যি আওয়ামী লীগ নাকি নিজে নিজে আওয়ামী লীগ? ইদানীং আওয়ামী লীগ সরকারে থাকায় বহু লোক যারা আগে জামায়াত করতো, যারা আগে উল্টো দল করতো, তারা এখন নিজেকে আওয়ামী লীগের লোক বলে বেড়ায়। ড. মোমেন বলেন, আর হয়তো আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে ফেলেছে, ছবি দেখিয়ে বলবে আমি আওয়ামী লীগ। এগুলো কিছু স্বার্থান্বেষী লোক, সুবিধাবাধী লোক করে। আমাদের সুবিধাবাধী লোকের কোনো অভাব নেই। ঈদের সময়ে আমার সঙ্গে অনেকে ছবি তুলেছেন। এদের সবাই তো আওয়ামী লীগ না। হয়তো এদের অনেকে ছবি তুলে বলবে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ছবি আছে। অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক হয়েছে। তারা রোহিঙ্গা গণহত্যার বিচারে লজিস্টিক সাপোর্ট চেয়েছেন। আমরা বলেছি, সেটা দেব। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়ায় প্রত্যাবাসন কোনো বাধা হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পাঁচ দিনের সফরে মঙ্গলবার (০৪ জুলাই) ঢাকায় আসেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় দফায় তার এই বাংলাদেশ সফর।


আরোও অন্যান্য খবর
Paris