মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি পাঁচ দিনের রিমান্ডে চাঁদ

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে ৬-এর দুই ধারার মামলায় আসামি চাঁদকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এর পেছনে কেউ আছে কি না তা খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড চান। তবে আদালত সার্বিক বিবেচনা করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়। গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান বলেন, শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। প্রাইভেটকারে বিএনপি নেতা চাঁদ পালানোর চেষ্টা করছিলেন। বেলা সোয়া ১১টার দিকে ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন আইনি কার্যক্রম চলছে। তার বিরুদ্ধে আরএমপিতে চারটি মামলা আছে। সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৯ মে রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপির। রাজশাহীর পুঠিয়ার কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল তিনি আত্মগোপন চলে যাচ্ছেন। তাই আমরা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসাই। পুঠিয়া থানায় মামলায় তাকে গ্রেপ্তার করেছি। এর আগে ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

রিজভী যা বললেন : রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ গ্রেপ্তার হওয়ার পর রাজশাহীতে বিএনপির পক্ষে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে নিয়ে কোনো কথা বলেননি দলটির সিনিয়র যুগ্ম সমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। রিজভী বলেন, এত ভয় কীসের? এত নেতাকর্মীদের গ্রেপ্তার কেন? সারাদেশে ৬৮০ জন নেতাকর্মীদের আটক করা হয়েছে। সরকার ভয় পেয়েছে। তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই তারা অস্ত্রের ভাষায় কথা বলছে। দলীয় চেতনায় পুলিশ তৈরি করেছে। তারা মিছিলে পাখির মতো গুলি করে অনেক নেতাকর্মীদের অন্ধ করেছে। হতাহত হয়েছে অনেক। এরপরও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তিনি বলেন, অত্যাধুনিক অস্ত্র দিয়ে বিএনপি অফিস ঘিরে রাখা হয়েছিল। এটা কেন? কোন সংবিধানে এ অধিকার আছে? যখন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, জাতীয় সংসদে দাঁড়িয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল তখন তো কোনো কথা ওঠেনি। তাই চাঁদ ইস্যুতেও আমি কোনো কথা বলতে পারবো না। সংবাদ সম্মেলনে রিজভী রাজশাহী শহরে যেসব বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর কোর্ট ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris