মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুর পৌর মেয়র লিলির নামে ফেসবুকে ছবি-অশ্লীল বার্তা পোস্ট করায় যুবকের কারাদণ্ড

Paris
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
নাটোরের গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ছবি ও অশ্লীল বার্তা পোস্ট করার দায়ে এক যুবকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবক শাহাবুল ইসলাম লালপুর উপজেলার কেশবপুর এলাকার বজলুর রহমানের ছেলে। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলেন শাহাবুল। ২০২০ থেকে ওই আইডি থেকে অশ্লীল কথাবার্তা ও ছবি ব্যবহার করে পোস্ট দিতে থাকেন তিনি। বিষয়টি নজরে এলে মেয়র নিজেই বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। ওই মামলায় রায় ঘোষণা করেন বিচারক। পিপি আরও বলেন, রায়ে শাহাবুলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আপর একটি ধারায় আরও এক বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris