মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে আলোচিত টাকা ছিনতাইয়ে জড়িত পিতা-পুত্র গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর সাহেব বাজার প্রেসক্লাবের সামনে হতে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নাটোর জেলার সদর থানার দিঘাপতিয়া (ঘোষপাড়া) গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে মো: আব্দুর রাজ্জাক (৫৪) ও তার ছেলে মো: রাজীব হোসেন (৩২)। বর্তমানে আব্দুর রাজ্জাক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ দুপুর ১২ টার দিকে মো: বাহাদুর রহমান নগরীর সাহেববাজার আইএফসি ব্যাংক হতে ৩ লাখ টাকা উত্তোলন করেন। তিনি ৫০ হাজার টাকা তার ভাইকে দিয়ে বাকি ২ লাখ ৫০ হাজার টাকা তার ব্যাগে রাখেন। এরপর তিনি মোটরসাইকেলের সাইডে টাকার ব্যাগটি ঝুলিয়ে রাজশাহী কোর্টের দিকে রওনা দেন। কোর্টে যাওয়ার পথে দুপুর ১২:১০ টায় সাহেব বাজার প্রেস ক্লাবের সামনে যানজটে পড়েন। এসময় তাকে পূর্ব থেকে অনসরণ করা এক ছিনতাইকারী তার টাকার ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আলুপট্টির দিকে দৌঁড় দেয়। তিনিও ছিনতাইকারীকে অনুসরণ করে দৌঁড়াতে থাকেন। ছিনতাইকারী একটি রিক্সা নিয়ে দ্রুত আলুপট্টির দিকে চলে যায়। বাহাদুর রহমানের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়। মামলা রুজু পরবর্তীতে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)-এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে। বোয়ালিয়া পুলিশের ওই টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আসামিদের ছবি সংগ্রহ করে। এরপর ছিনতাইকারীদের পরিচয় সনাক্তের জন্য গতকাল ১৮ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে ছবি-সহ সংবাদ প্রকাশ করা হয় ও আরএমপি ফেইসবুক পেইজে সন্ধান চাওয়া হয়। ছিনতাইকারীদের ধরিয়ে দিতে আরএমপি’র পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়। অবশেষে বুধবার (১৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেন, এসআই কিংকর লাল মন্ডল ও তার টিম বোয়ালিয়া থানার পাঠান পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি আব্দুর রাজ্জাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ওই টিম বুধবার সকাল ৮ টায় নাটোর সদর থানার বলারিপাড়ায় অভিযান পরিচালনা করে অপর আসামি মো: রাজীব হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামিরা তাদের সহযোগীদের সহায়তায় ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং ছিনতাই করা টাকাগুলো তারা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভাগ বাটোয়ারা করে বলেও জানায়। গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে জড়িত মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার রুজু আছে বলে জানা যায়। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris