‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়
তথ্য বিবরণী
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-র উদ্যোগে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মীলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবলু সভায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল বক্তৃতা করেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে গুজব প্রতিরোধে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সুচিন্তিত মত প্রকাশ করেন। সভায় জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ক্যান্সারের মতো গুজব ছড়ায়। অনেক সময় এগুলো জনমনে ব্যাপক প্রভাব সৃষ্টি করে। মানুষ গুজবের কারণে অনেক সময় বুঝতে পারে না কোনটা ঠিক আর কোনটা ভুল। রাষ্ট্রের উপরেও এর একটা ক্ষতিকর প্রভাব নেমে আসে। রাষ্ট্রের এগিয়ে চলা ব্যাহত হয়। জয়পুরহাট জেলার সাংবাদিক ছাড়াও মতবিনিময় সভায় জয়পুরহাট জেলা প্রশাসন, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস ও জয়পুরহাট জেলা তথ্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
