রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ফোরামের কনফারেন্স অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টর
রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরী সহায়তায় এবং মানবকল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক বাস্তবায়নকৃত “পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)” প্রকল্পের আওতায় কমিউনিটি পুলিশিং ফোরাম (সিপিএফ) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
সহিংস উগ্রবাদ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদারকরণে বিশেষ অবদান রাখায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন, মানব কল্যাণ পরিষদ (এমকেপি) ও কমিউনিটি পুলিশিং ফোরাম রাজশাহী জেলা ও মহানগর। পুলিশ কমিশনার বলেন, দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার বিপিএম, রাজশাহী জেলা পুলিশ সুপার, এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলী-সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ।
