১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর দেয়া বাড়ির বেড়া ভেঙ্গে রাস্তা নির্মাণের চেষ্টা!

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১০:১২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে প্রধানমন্ত্রীর দেয়া বাড়ির বেড়া ভেঙ্গে রাস্তা নির্মাণের চেষ্টা!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের নোনা মাঠিয়াল গ্রামে হতদরিদ্র আতাউর, আলতাফ, আকতার ও মজিবর রহমানের চারটি পরিবারকে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ বাড়ী দেওয়া হয়। সরকারের দেওয়া সেই বাড়ীগুলোর জমির ওপর দিয়ে স্থানীয় প্রভাবশালী আব্দুল সাত্তার এর বাড়ি পর্যন্ত জোরপূর্বক প্রসস্থ করে রাস্তা নির্মান করতে থাকে প্রতিবেশী আব্দুর রশিদসহ ১৫/২০জন।
গত ২১ অক্টোবর সরকারের দেওয়া জমির উপর দিয়ে রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় প্রভাবশালীর লোকজন হতদরিদ্র পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারপিট ও টিনের চালা ভাঙচুর সহ ঘরের বারান্দার টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী আবদুল রশিদ এর নেতৃত্বে তার দুই পুত্র ফারুক, আশিক, আব্দুস ছাত্তারের পত্র পাপুল, এলাহী বক্স এর পুত্র মিঠুন ও দেদার মন্ডলের পুত্র জালাল উদ্দিন সহ ১০/১৫ জন বেধড়ক মারপিট করে ষাটোর্ধ্ব বয়সে এক বৃদ্ধার দাঁত ভেঙ্গে দেওয়া সহ গুরুতর আহত করেছে নারী সহ চারজনকে। আহতদের দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, আতাউর রহমান (২৭), আতাউরের বৃদ্ধা মা ফাতেমা বেগম (৬০), প্রধানমন্ত্রীর ঘর পাওয়া আলতাফ হোসেনের স্ত্রী সুরমা (৩৬) ও আতাউরের কলেজ পড়ুয়া ভাতিজা তৌহিদুল ইসলাম সজীব (২০)। আহতদের আত্মচিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে আহতদের দ্রুত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মারপিট করে আহত আতাউরের পরিবারের সকলে হাসপাতালে থাকার সুযোগে উপস্থিত সাঙ্গ-পাঙ্গরা প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আতাউরের ঘরের পাশের বারান্দার টিনের চালা ভেঙ্গে ফেলে টিন খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন আতাউর রহমান।
ঘটনার পরদিন ২২ অক্টোবর শনিবার আহত আতাউর রহমান বাদী হয়ে দূর্গাপুর থানায় এ ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ। তবে ঘটনার সাথে অভিযুক্ত করা পরিবারের সদস্য তানজিলা, আব্দুর রাজ্জাক বলেন, বাড়ীর বেড়া ভেঙ্গে রাস্তা নির্মান টিন খুলে নিয়ে যাওয়া ও মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, আতাউরসহ তার লোকজন আমার সন্তানদের ওপর হামলা চালায় এতে জালাল নামের এক ব্যক্তি আহত হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উক্ত ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারামারিতে নারীসহ কয়েকজন আহত হয়েছে বলে জানান ওসি।
হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির বেড়া ভেঙ্গে স্থানীয় প্রভাবশালীর রাস্তা নির্মাণ ও বাড়ির বারান্দার টিনের চালা ভেঙ্গে ফেলে ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহি অফিসার মো. সোহেল রানা বলেন, দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের নোনামাঠিয়াল গ্রামের চারটি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি দেওয়া হয়েছে। ওই জমির পার্শ্বে দিয়ে গ্রামবাসীর রাস্তা নির্মাণ করা কে নিয়ে গোলযোগ হয়েছে এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে তদন্তের মাধ্যমে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান ইউএনও সোহেল রানা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন