রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাজশাহী সার্কেলের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’- এই শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, বিআরটিএ’র রাজশাহী বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার আশরাকুর রহমান, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহা. নাইমুল রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হাকিম, নিরাপদ সড়ক চাই জেলার সাধারণ সম্পাদক অ্যাড. তৌফিক আহসান, জেলা মটর মালিক সমিতির প্রতিনিধি, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ হলো- ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। এই বিষয়গুলো আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোধ করা সম্ভব। এ ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও আরও কঠোর হওয়ার আহ্বান জানান তাঁরা।
উপস্থিত বক্তারা আরও বলেন, মোটরযান চালক, মোটর মালিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সড়ক থেকে অবৈধ যানবাহন অপসারণ করতে হবে। তবেই নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব।
