চারঘাটে আনুষ্ঠানিকভাবে এক মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে আনুষ্ঠানিকভাবে এক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলার সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর উদ্যোগে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের কাছে ওই ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। এসময় তাকে ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্বাগত জানানো হয়। আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীর নাম মাসুদ রানা (২৫)। তিনি উপজেলার সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
সরদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আত্মসমর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চারঘাট মডেল থানার উপপরিদর্শক আব্দুস সামাদ, সহকারী উপপরিদর্শক আবু রায়হান, চারঘাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (সনি), উপজেলা প্রেসক্লাবের সদস্য আবু হানিফ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, আমরা এই থানাকে মাদকমুক্ত থানা হিসাবে ঘোষণা করতে চাই। এ কর্মসূচির অংশ হিসেবে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী মাসুদ রানা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।
