রাজশাহীর আদালতে নগরীর যুবকের সাত বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
ফেসবুকে ভুয়া আইডি খুলে এক নারীর সম্পর্কে বাজে মন্তব্য লিখে স্ট্যাটাস দেয়াসহ ভিকটিমের পরিবার এবং স্বজনদের কাছে অশ্লীল ছবি পাঠিয়ে বিব্রত করার দায়ে মোমিনুল ইসলাম ওরফে চঞ্চল নামে এক ব্যক্তির সাত বছর কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার(০৪ অক্টোবর) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে আদালতের নির্দেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত চঞ্চলের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মোন্নাফের মোড় এলাকায়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, মোমিনুল ইসলাম চঞ্চল ফেসবুকে ভুয়া আইডি খুলে মামলার বাদী ও তার কর্মস্থলের ছবি ব্যবহার করে স্ট্যাটাস দেন। এছাড়াও বিভিন্ন সময় ওই ভুয়া আইডি থেকে বাদীর সম্পর্কে বাজে মন্তব্য লেখেন। এ কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দোষী প্রমানিত হওয়ায় মোমিনুল ইসলাম ওরফে চঞ্চলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এরআগে ২০১৭ সালের ১৭ এপ্রিল মহানগরীর রাজপাড়া থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন ভিকটিম। পরে ওই বছরের ২ মে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। এরপর আদালত থেকে জামিন পান। আর তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পুলিশ আদালতে এই মামলার চার্জশিট প্রদান করলে আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হয়।
