মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় জিতন্দ্র নাথ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত জিতেন্দ্র নাথ পৌরসভার বেলপুকুরিয়া এলাকার বাসিন্দা। গত শুক্রবার সন্ধ্যায় তানোর-চৌবাড়িয়া রাস্তার তালন্দ বেলপুকুরিয়া শুকলা স’মিলের কাছে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে নিয়ে যান। কিন্ত্ত তার অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যার দিকে অবৈধ স’মিলের কাছে রাস্তার ওপর ভুটভুটি থামিয়ে ভুটভুটি থেকে কাঠ নামানো হচ্ছিল। এ সময় ওই পথচারী রাস্তা পার হতে গেলে বিপরীত দিক (চৌবাড়িয়া) থেকে ছুটে আশা বেপরোয়া মোটরসাইকেলের তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, এই দুর্ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না এসব অবৈধ করাতকল মালিক। কারণ রাস্তার দুই ধারে কাঠ রেখে এরা রাস্তা এতো সংকুচিত করে, যে দুটি বড় গাড়ী একে অপরকে ওভারটেক করতে পারে না। তার ওপর আবার যখন তখন রাস্তায় ট্রাক-ট্রলি আটকিয়ে কাঠ উঠানো-নামানো করা হয়। এসব অবৈধ করাতকলের কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, এই মর্মান্তিক ঘটনার জন্য অবৈধ করাতকল দায়ি, এর দায় তাদেরকেই নিতে হবে, কারণ রাস্তাকে তারা তাদের সম্পত্তি মনে করে রাস্তার ধারে কাঠ রাখা ও রাস্তার ওপর ট্রাক-ট্রলিতে কাঠ উঠানো-নামানো করে। অথচ রহস্যজনক কারণে প্রশাসন এসব দেখতে পায় না। এবিষয়ে তানোর থানার ওসি কামরুজ্জামান মিঞা বলেন, পুলিশ নিহতের বাড়িতে গিয়েছিল, এঘটনায় কারো কোনো অভিযোগ নাই। তিনি বলেন, তাৎক্ষনিক মোটরসাইকেলের চালেকর নাম ঠিকানা পাওয়া যায়নি, তবে মোটরসাইকেলের আটক করা হয়েছে।
