রাজশাহী মহানগরীতে জালনোট ও ইয়াবাসহ একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে জলনোট ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০০টি পাঁচশত টাকার জালনোট ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত মো: জাহাঙ্গীর আলম জনি (৪৭)। সে রাজশাহী জেলার দূর্গাপুর থানার সায়বাড় পশ্চিমপাড়া এলাকার মো: আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দুপুর দেড়টায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানার উপশহর ১নং সেক্টর এলাকার জাহাঙ্গীরের ভাড়াবাসায় অবৈধ জালটাকা মজুদ আছে। উক্ত সংবাদের পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি টিম দুপুর পৌনে ২টায় জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। এরপর তার ঘর তল্লাশী করে পাঁচশত টাকার ১০০টি জালনোট ও তার দেহ তল্লাশি করে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
