১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় খোলাবাজারের চাল কালোবাজারে, দোকান সিলগালা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় খোলাবাজারের চাল কালোবাজারে, দোকান সিলগালা
বিজ্ঞাপন

শামীম রেজা, মচমইল : রাজশাহীর বাগমারায় দিনে দুপুরে ওএমএস’র চাল পাচার করার সময় স্থানীয় জনতা টের পেয়ে ভ্যানসহ চৌদ্দশ কেজি চাল আটক করেছে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ভ্যান ও চালগুলো জব্দ করে ওএমএস ডিলারের দোকান ঘরটি সিলগালা করে দেয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর ঋষিপাড়া মহল্লায়।

এলাকাবাসী ও ইউএনও’র দপ্তর সুত্রে জানা গেছে, ওই মহল্লার ওএমএস ডিলার আসমা খাতুন স্বল্পমূল্যে সরকারের খাদ্য সহায়তা ওএমএস’র চাল উত্তোলন করে তা টিসিবির কার্ডধারী ও স্বল্প আয়ের লোকজনের মাঝে ৩০ টাকা কেজি ধরে বিক্রি করে আসছিল। আসমা খাতুনের নামে ডিলারসীপ থাকলেও কাজটি দেখাশুনা করত তার মেয়ের জামাই গোপালপুর গ্রামের হেলাল উদ্দিন।

সম্প্রতি হেলাল উদ্দিন আসমা খাতুনের নামে ভবানীগঞ্জ খাদ্য গুদাম থেকে ওএমএস’র চাল উত্তোলন করে সেগুলো বিলি করার জন্য পাহাড়পুর মোড়ের একটি দোকানে মজুত করে। গত শনিবার দুপুরে হেলাল উদ্দিন তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে সরকারি সিলমারা বস্তার চালগুলো মুরগির ফিডের কিছু বস্তায় ভরে সেগুলো একটি ভ্যান তুলে পাচারকরার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় জনতা ও মোড়ের অন্যান্য ব্যবসায়ীরা টের পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আহাদ আলীকে খবর দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে চাল পাচার করার বিষয়টি দেখতে পেয়ে ভ্যান চালক সহ চাল ও ডিলার আসমা খাতুনের জামাইকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমকে খবর দেয়। পরে ইউএনও থানার কিছু ফোর্স ও সহকারি খাদ্য কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

এ দিকে ইউএনও আসার খবর পেয়ে হেলাল উদ্দিন ও ভ্যান চালক ভ্যানগাড়ীটি মোড়ের উপর ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে ইউএনও চালগুলো পরিমাপ করে সেখানে চৌদ্দশ কেজি চাল রয়েছে বলে জানতে পারে। এ সময় ইউএনও চালগুলো জব্দ করে ও ডিলারের দোকানঘরটি সিলগালা করে দেয়। এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, তাহেরপুর এবং ভবানীগঞ্জ বাজারে ৭ জন ডিলারের মাধ্যমে ওএমএসর চাল বিক্রয় করা হচ্ছে। এর মধ্যে তাহেরপুরে ৪ জন এবং ভবানীগঞ্জ ৩ জন ডিলার চাল বিক্রয় করে আসছেন।

সরকারী বিধি লংঘন করে ইচ্ছে মতো ওএমএসের চাউল বিক্রয় করছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে তাহেরপুর পৌরসভা উপজেলা সদর থেকে দূরে হওয়ার কারনে সঠিক মনিটরিং এর অভাবে ডিলাররা পুকুর চুরি করছেন। জরুরী ভাবে তাহেরপুর পৌরসভার প্রতিটি ডিলারের নিকট তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে চাউল বিক্রয়ের নির্দেশ থাকলেও তা মানছেন না তারা। এ ঘটনায় এলাকাবাসী ওই ডিলারের ডিলারসীপ বাতিল সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ বিষয়ে ইউএনও সাইদা খানম জানান, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়ে চালগুলো জব্দ করে দোকানটি সিলগালা করা হয়েছে। সেই সাথে কোন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাদেরও ডিলারশীপ বাতিল করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন