পবায় মাদরাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন
পবা প্রতিনিধি : রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেছেন ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন।
ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়কে উৎসাহী করার কৃতিত্ব সম্পূর্ণ তার। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বাদ জুম্মা পবার নওহাটা পৌরসভার তেঘর গ্রামে হাফিজিয়া ও কুরআন শিক্ষা মাদরাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি, তেমনি বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার-প্রসারের স্থপতিও তিনিই। এ দুটি অনন্য সাধারণ অনুষঙ্গ বঙ্গবন্ধুর জীবনকে দান করেছে উজ্জ্বল মহিমা। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার-প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সামগ্রিক জীবনকে মহান ধর্ম ইসলামের কল্যাণময় স্রোতধারায় সঞ্জীবিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
মরহুম এসমতল্লাহ সরকারের দানকৃত জমিতে মাদরাসার উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। বক্তব্য রাখেন তেঘর বড়মসজিদের ইমাম আশরাফ আলী, নওহাটা পৌর আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাননান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম সরকার, সমাজসেবক আশরাফ আলী, গিয়াস উদ্দিন, নিকাহ রেজিস্ট্রার শফিকুল ইসলাম, আফাজ উদ্দিন সরকার। সার্বিক দায়িত্বে ছিলেন সহকারি অধ্যাপক আব্দুল মতিন, সারোয়ার হোসেন সরকার, সরকার দুলাল মাহবুব প্রমুখ।
