রাজশাহীতে ৪৪৩ বীর মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সনদ-স্মার্ট কার্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ৪৪৩ বীর মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁরা জীবিত আছেন, তাঁরা সার্টিফিকেট এবং আইডি কার্ড দুটিই পাবেন। কিন্তু যেসব মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাঁদের জন্য শুধু ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র নির্ধারিত সব সুযোগ-সুবিধা ডিজিটাল পরিচয়পত্র ও সনদের আওতায় নিশ্চিত করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান, সরকারি যানবাহনে বিনা ভাড়ায় যাতায়াত, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবাপ্রাপ্তি, সরকারি-বেসরকারি স্কুলে পোষ্য কোটায় ভর্তি, সরকারি চাকরিতে সন্তান ও পোষ্য কোটায় নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে এই ডিজিটাল সনদ ও পরিচয়পত্রের মাধ্যমে পাওয়া যাবে। বীর মুক্তিযোদ্ধারা নিজ নিজ উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) থেকে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার ও শাহমখদুম থানার ৪৪৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ২০৯ জন জীবিত মুক্তিযোদ্ধা পাবেন ডিজিটাল সনদ ও স্মাট আইডি কার্ড এবং মৃত ২২৫ জন মুক্তিযোদ্ধা পাবেন ডিজিটাল সার্টিফিকেট।
