রাজশাহী জেলা পুলিশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময়
স্টাফ রিপোর্টার : সোমবার ২৯ আগস্ট রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটে আইন শৃংখলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। বিশেষ মতবিনিময় সভায় রাজশাহী জেলা পুলিশের সিনিয়র অফিসারগনসহ আটটি থানার অফিসার ইনচার্জ, ছয়টি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, জেলা বিশেষ শাখার অফিসারবৃন্দ ও বিভিন্ন ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সম্মানিত ডিআইজি মহোদয় জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানি বা অনিয়মের শিকার না হয় এবং তাৎক্ষণিকভাবে সহজেই আইনগত সেবা পেতে পারেন সে বিষয়ের উপর বিশেষ গুরত্বারোপ করেন। মাদক-সন্ত্রাস-জংগীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে পুলিশের চলমান অভিযান জোরদার করার নির্দেশনা প্রদান করেন। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এদিকে রাজশাহী পুলিশ লাইনস রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। সকালে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে বার্ষিক পরিদর্শন কুচকাওয়াজ ২০২২ এর সালামী অভিবাদন গ্রহণ করেন ডিআইজি। ডিআইজি মহোদয় বার্ষিক পরিদর্শন প্যারেডে অংশগ্রহণকারী সকল সদস্যদের ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন করা, পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। বার্ষিক পরিদর্শন কুচকাওয়াজ শেষে ডিআইজি পুলিশ লাইনসের রিজার্ভ অফিস, মোটরযান শাখা, অস্ত্রাগার শাখা, ডি স্টোর, সি স্টোর ও রেশন স্টোর পরিদর্শন করেন ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় সম্মানিত ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।
