‘মুজিব’স বাংলাদেশ’ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পর্যটন শীর্ষক সেমিনার
তথ্যবিবরণী : মুজিব’স বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পর্যটন শীর্ষক রাজশাহী বিভাগীয় সেমিনার সোমবার (২২ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব’স বাংলাদেশ পর্যটন ব্র্যান্ডনেম প্রচারের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সেমিনারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের। তিনি সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মুজিব’স বাংলাদেশ লোগোর প্রেক্ষাপট ও ট্যুরিজম উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলোর বিষয়ে অবহিত করেন। সেমিনারে রাজশাহী বিভাগের ৮ জেলার নানা শ্রেণি-পেশার ৯৬ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তাগণ বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, আবাসন সুবিধা, নিরাপত্তা জোরদারকরণ, প্রচারণা বৃদ্ধিকরণ, পর্যটনস্থানগুলোতে অবৈধ দখলমুক্তকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে বিভিন্ন সুপারিশ করেন।
