মোবাইল না পেয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় মোবাইল ফোন কিনে না দেয়ায় এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার (২০ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের গঁওরা গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত কলেজ ছাত্রী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রুকসানা খাতুন বর্ষা (১৮)। তিনি চারঘাট মহিলা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। নিহত বর্ষার চাচাতো ভাই স্কুল শিক্ষক শাহাদত হোসেন জানান, বর্ষা দরিদ্র পরিবারের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। সে পরিবারের কাছে নতুন বোরকা ও মোবাইল ফোন কিনে চেয়েছিল। এজন্য মাঝে মধ্যেই বায়না ধরে। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে কোনো এক সময় নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
