বাগমারায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময় আলিফ হোসেন (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার তাহেরপুর-শিকদারী সড়কের তাহেরপুর হ্যাচারী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেল সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়। আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালে মৃত্যু হয় আলিফ হোসেনের। বৃহস্পতিবার সকালে পারিবারিক গোরস্থানে আলিফ হোসেনের দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত আলিফ হোসেন তাহেরপুর পৌরসভার কোয়ালীপাড়া মহল্লার বাসিন্দা আবদুল হান্নানের ছেলে। সে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। দুর্ঘটনায় আহত অন্য দুজনও এই বিদ্যালয়ে লেখাপড়া করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় মুঠোফোনে ভিডিও করছিল তারা। এ সময় তাদের সাথে আরো কয়েকজন ছিলেন অন্য মোটরসাইকেলে। শিকদারী থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন তারা। তাহেরপুর বাজারের সন্নিকটে রামরামা হ্যাচারি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আলিফ হোসেনের মোটরসাইকেলটি সড়কের পাশের থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেল চালক আলিফ হোসেন ও তার দুই বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। গাছের সঙ্গে ধাক্কা লেগে আলিফ হোসেনের মাথায় আঘাত লাগে এবং থেতলে যায়। এ দুর্ঘটনায় অন্যরা আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে তাহেরপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আলিফ ও আরেক কিশোরের অবস্থার অবনতি ঘটলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত নয়টার দিকে সেখানে আলিফ হোসেনের মৃত্যু হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় রাজশাহী নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
