বাগমারায় ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে স্কুলছাত্র নিখোঁজ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গতকাল শনিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের সূর্য্যপাড়া-দেউলিয়ার বেলী ব্রিজে ঝাঁপ খেলতে গিয়ে শ্রাবণ মোল্লা (১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শ্রাবণ মোল্লা ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও সুর্য্যপাড়া মহল্লার মাসুদুর রহমানের এক মাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরানী নদীতে গোসলে গিয়ে নদীর উপর বেলী ব্রিজে ঝাঁপ খেলে রেলিংয়ের উপর উঠে শ্রাবণ। নদীর পানিতে ঝাঁপ দিতে গিয়ে শ্রাবন রেলিংয়ের ৩/৪ ফিট উপরে বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পৃষ্ট হয়ে যায়। তারের সাথে ঝুলিয়ে মাত্র কয়েক সেকেন্ড জড়ানোর পরে সে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।
নদীর প্রবল স্রোতে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। তারের সাথে আটকিয়ে তার প্রাণ বের হয়ে গেলেই সম্ভাবত পানিতে পড়ে গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এদিকে, ওই ছাত্রকে পানিতে অনেক খোঁজা খুজির পর বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত তেমন উদ্ধারকর্মীর তৎপরতা দেখা যায়নি। এই ঘটনায় পরপর বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ একটি মর্মান্তিক ঘটনা বলে তিনি জানিয়েছেন। এমন ঘটনায় শ্রাবণের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
