এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক ঋণ বাতিলের দাবি
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জীবাশ্ম জ্বালানিতে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক ঋণ বাতিলের দাবি জানিয়েছে পরিবেশবাদি সংগঠন ‘পরিবর্তন’ ও ‘ক্লিন’। এশিয়ার জনগণের বিদ্যমান অর্থনৈতিক, স্বাস্থ্যগত ও জলবায়ু সংকটের কথা বিবেচনায় জি-৭ ভুক্ত দেশগুলোর কাছে তারা এ দাবি জানান। সোমবার (২৭ জুন) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দাবিতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে পরিবর্তন’র উন্নয়ন কর্মী হাসিবুল হাসান বলেন, আমাদের সরকারের ইতোমধ্যে একটা বড় অংকের ঋণের বোঝা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা ঋণ নিয়েই চলছে। এমনভাবে চলতে থাকলে এই ঋণ শোধ করতে গিয়ে আগামী ১২ বছর পর থেকে আমাদের দেশ একটা বড় অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পরতে পারে। আমরা বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো ঋণের বোঝায় বিপর্যস্ত অবস্থায় দেখতে চাই না। তাই আমাদের উচিত শ্রীলঙ্কার ভুল থেকে শিক্ষা নেওয়া। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র সভাপতি নুরুজ্জামান খান। এসময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
