১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার ক্লিনিকগুলোতে বাড়ছে অবৈধ গর্ভপাত

প্রকাশিত: ২৭ জুন ২০২২, ৫:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার ক্লিনিকগুলোতে বাড়ছে অবৈধ গর্ভপাত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে ওঠেছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এগুলোতে চুপিসারে ঘটনো হচ্ছে অবৈধ গর্ভপাত। এসব গর্ভপাতের অধিকাংশই কিশোরী ও যুবতী। কিশোরী ও যুবতীরা বিবাহ বর্হিভূত সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে জন্মনিয়ন্ত্রণ মূলক কোন ব্যবস্থা না নেওয়ায় নিজেদের অজান্তেই গর্ভবতী হয়ে পড়ছে। পরে পরিবার ও সমাজে হেয়প্রতিপন্ন হওয়া হাত থেকে রক্ষা পেতে স্থানীয় ক্লিনিকে গিয়ে মোটা অংকের টাকার চুক্তি করে গর্ভপাত ঘটাচ্ছে। এভাবে গর্ভপাত ঘটাতে গিয়ে প্রসূতির মত্যুর ঘটনা ঘটছে। পরে থানা পুলিশ সহ স্থানীয় কিছু প্রভাবশালী নেতা-ক্যাডারদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে বিষয়গুলো ধামাচাপা দেওয়া হচ্ছে।

 

সম্প্রতি উপজেলার ভবানীগঞ্জ তাহেরপুর ও হাটগাঙ্গোপাড়া এলাকার বেশ কিছু ক্লিনিক ঘুরে এমন ভয়াবহ চিত্রই লক্ষ্য করা গেছে। শুধু মাত্র ধর্মীয় দৃষ্টিকোন থেকে এমন ঘটনার বিধিনিষেধ থাকায় এ নিয়ে প্রশাসনসহ কারো কোন মাথা ব্যাথাই নেই। ফলে দিন দিন এই অবৈধ গর্ভধারণ ও গর্ভপাতের পরিমান বেড়েইে চলেছে। সেই সাথে বাড়ছে সামাজিক বিভিন্ন অপরাধ ও পারিবারিক কলহ।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গতমাসে ভবানীগঞ্জ বাজারের দুটি ক্লিনিকে এমন গর্ভপাত ঘটাতে গিয়ে প্রসুতির মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে এই ঘটনা ধামাচাপা দিতে অনেক অর্থ ব্যয় করতে হয় ক্লিনিক মালিককে। এছাড়া চলতি মাসের ২২ জুন ভবানীঞ্জের মাদার মিশন ক্লিনিকে আরো একটি অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে। এছাড়া এই ক্লিনিক থেকে মাঝে মধ্যেই মৃত শিশুকে কার্টুনে ভরে অন্যত্র নিয়ে যাওয়া হয়। বিষয়টি স্থানীয়রা আঁচ করতে পারলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না।

 

ভুক্তভোগীরা জানান, উপজেলার ভবানীগঞ্জ, তাহেরপুরসহ বিভিন্ন এলাকায় নামমাত্র গড়ে ওঠেছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এদের অনেকের কোন বৈধ লাইসেন্স নেই। নেই কোন যন্ত্রপাতি, ডাক্তার ও অবকাঠামো। তারা স্থানীয় স্বাস্থ্য কর্র্তৃপক্ষ ও প্রশাসন দৃষ্টি এড়িয়ে চালিয়ে যাচ্ছে। এদের স্বাস্থ্য সেবার নামে চলছে অবৈধ রমরমা ব্যবসা।

 

স্থানীয়দের মতে, এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়মিত দেখভাল ও মনিটরিং করার জন্য স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও বেসনকারি ক্লিনিক ও ডায়াগনিস্টক মালিক সমিতি থাকলেও তাদের কোন কার্যক্রমই চোখে পড়ার মত নয়। ফলে বেপরোয়া হয়ে ওঠেছে তাদের অবৈধ কর্মকান্ড। এরা গ্রামের সহজ সরল রোগিদের বাগিয়ে এনে ছোট খাট অসুখ বিসুখকে বড় করে দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অপরেশন করতে বাধ্য করে। এছাড়া কোন পরীক্ষার প্রয়োজন না থাকলেও ৪/৫ টি পরীক্ষা ধরিয়ে গরীবের অর্থের সর্বনাশ করা হয়। চিকিৎসা সেবার মহান পেশাকে কলুষিত করে এসব ক্লিনিক মালিকরা গরীব শোষণ করে রাতারাতি বহুতল ভবনের মালিক বনে যাচ্ছে।

 

অথচ রোগিরা ক্রমেই আরো রোগাক্রান্ত হয়ে চিকিৎসার নামে জমিজমা হারিয়ে নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে পড়ছে। এসব বিষয়ে কথা বলার জন্য বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক জোবাইদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ সাব্বির আহম্মেদ অনিক জানান, আমরা ক্লিনিকগুলোতে স্বচ্ছতা ও সরকারি বিধিবিধান গুলো শতভাগ বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোথাও কেহ চিকিৎিসার নামে ভোগান্তি ও হয়রানীর শিকার হলে এবং এসব বিষয়ে সুনিদৃষ্ট অভিযোগ থাকলে অবশ্যই তার ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ব্যাপারে বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, উপজেলার সকল বেসরকারী ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারে গিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে অবৈধ গর্ভপাতের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ওই সকল ক্লিনিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন