উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীর তীরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন। প্রধান সড়ক থেকে মূল ফটক দিয়ে প্রবেশ করতেই হাতের বাম পাশে দুই হাজার ৮৫০ বর্গফুট আয়তনে নির্মিত হচ্ছে রাজশাহী পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর। মহান মুক্তিযুদ্ধের সময় রাজশাহীতে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয় রাজশাহী পুলিশ লাইনস্ থেকেই। একাত্তরের ২৮ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে কমপক্ষে ১৭ জন পুলিশ সদস্য শহীদ হন। এ ছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ আরও ছয়জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যসহ ২৩ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ লাইনসে ভেতরে গণকবরে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধের সেই স্মৃতি সংরক্ষণে রাজশাহী পুলিশ লাইনসে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করা হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক এর উদ্যোগেই এই যাদুঘরটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। গত ৩ জানুয়ারি পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, আইজিপি বেনজির আহমেদের নির্দেশনায় পুলিশের ইতিহাস সংরক্ষনের জন্য এই যাদুঘর নির্মাণ করা হচ্ছে। এই যাদুঘরের মাধ্যমে ভবিষৎ প্রজন্ম স্বাধীনতা যুদ্ধে পুলিশের অবদান জানতে পারবে। শহীদ পরিবারগুলোর সাথে যোগাযোগ করে তাদের স্মৃতি সংগ্রহ করছি। এই যাদুঘরেই নতুন প্রজন্মের জন্য উপস্থাপিত হয়েছে পুলিশের অবদান, আত্মত্যাগের ইতিহাস।
এই জাদুঘরে সংগৃহীত শহীদ মামুন আহমেদের টুপি ও পোশাক রাখা আছে। এছাড়াও জাদুঘরের দেয়ালে টাঙ্গানো হয়েছে শহীদ পুলিশ সুপার শাহ আব্দুল মজিদ ও ডিআইজি শহীদ মামুন মাহমুদের ছবি। এছাড়া রাজশাহী বিভাগের ৮৩ জন শহীদ পুলিশ সদস্যদের নাম গণ কবরের ১৭ জন শহীদে পুলিশ সদস্যদের নাম, পদবী ও ২৭ জন মুক্তিযোদ্ধার নাম ও পরিচয় সাটানো হয়েছে। এ সময় তিনি আরো জানান, পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর এর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগ্ররিই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও আইজিপি বেনজির আহমেদ এই পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরটি উদ্বোধন করা হবে বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
