নারী গ্রামপুলিশকে শ্লীলতাহানীর পর প্রাণনাশের হুমকির অভিযোগ
মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে নলকূপ স্থাপনকে কেন্দ্র করে নারী গ্রামপুলিশকে মারপিট ও শ্লীলতাহানীর পর জীবননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামে। এ ঘটনায় সোমবার দুর্গাপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডাইরী করেছেন নারী গ্রামপুলিশ রোজিনা খাতুন।
দুর্গাপুর থানায় দায়েরকৃত সাধারন ডাইরী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদের নারী গ্রামপুলিশ ও মৃত মোন্তাজ আলীর স্ত্রী রোজিনা খাতুন গতকাল সোমবার সকালে কাঠালবাড়ীয়া গ্রামে তার নিজবাড়ীর আঁঙ্গিনায় নলকূপ স্থাপন কাজ শুরু করেন। এসময় প্রতিবেশী আলমের পুত্র মেহেদী হাসান (১৯), নছু’র কন্যা হালেজা বেগম(৩০) ও আঃ রহিমের পুত্র মহসীন আলী (৪০) নলকূপ স্থাপনে বাঁধা প্রদান করে।
এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে নারী গ্রামপুলিশ রোজিনা খাতুনের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে জীবননাশের হুমকি দেয় প্রতিবেশী প্রতিপক্ষরা। এঘটনায় নারী গ্রামপুলিশ রোজিনা খাতুন বাদী হয়ে দুর্গাপুর থানায় সাধারন ডাইরী করেছে। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, নারী গ্রামপুলিশ মারপিট ও জীবন নাশের হুমকির অভিযোগে থানায় সাধারন ডাইরী করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
