রাজশাহী নগরীতে চোরাই ট্রাক উদ্ধার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভগবন্তপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে মো: সাইদুর রহমানের একটি ট্রাক গত ১৫ জুন ২০২২ রাত ৪ টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাভের ভিতরে মো: শহিদ মিস্ত্রীর ট্রাক গ্যারেজ হতে চুরি হয়। সাইদুর রহমানের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় শাহমখদুম থানা পুলিশের একটি টিম চোরাই ট্রাক উদ্ধার-সহ চোরকে গ্রেফতারে অভিযান শুরু করেন। পরবর্তীতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন ২০২২ রাত পৌনে ১০ টায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর পবা থানার পূর্বপুঠিয়া পাড়া এলাকায় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
