চারঘাট ইউপি উপ-নির্বাচনে নৌকার জয়
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমান মতি বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী মোট ভোট পেয়েছেন ৭ হাজার ১৭৬। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান মিটুল পেয়েছেন ১২০৬ ভোট। গতকাল বুধবার নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে নির্বাচন বর্জন করে পুনরায় ভোটগ্রহণের দাবি করেছেন স্বতন্ত্র তিন চেয়ারম্যান প্রার্থী।
তবে আওয়ামী লীগের প্রার্থীর দাবি, নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে বুঝতে পেরে স্বতন্ত্র প্রার্থীরা মিথ্যা অভিযোগ করেছেন। জানা যায়, ইউনিয়নটিতে পুরুষ ভোটার ৮ হাজার ৮৩৭ জন ও নারী ভোটার ৮ হাজার ৬৭৮ জনসহ মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৫১৫ জন। নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ৯ হাজার ৮১৮। এর মধ্যে নৌকা ৭ হাজার ১৭৬ ভোট, ঘোড়া ১ হাজার ২০৬, মোটরসাইকেল ৭৪৮ ও আনারস ৬৮৮ ভোট পেয়েছে। এর আগে চতুর্থ ধাপে গত ২৬ শে ডিসেম্বর (২০২১) ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৬ মার্চ তিনি মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি ফাঁকা হয়।
