রাবিতে বয়স ভিত্তিক সাঁতার প্রশিক্ষণ কোর্স চালু
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধীনে চালু হয়েছে বয়স ভিত্তিক সাঁতার প্রশিক্ষণ কোর্স। করোনা মহামারীর কারণে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর কোর্সের মধ্য দিয়ে চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এ সুইমিংপুলটি। বিভাগ সূত্রে জানা গেছে, এক মাস ভিত্তিক কোর্সের জন্যে ১০০ টাকা ফরম মূল্যে আবেদন করতে হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ৭ থেকে ১০ বছর বয়সী শিশুদের কোর্স ফি ১ হাজার টাকা। আর বহিরাগত শিশুদের কোর্স ফি ১৫০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ধরা হয়েছে ৩০০ টাকা। ইতোমধ্যে অনেকেই কোর্স করার জন্য আবেদন করেছে বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘করোনার কারণে এতোদিন সুইমিংপুল বন্ধ ছিলো। একমাস মেয়াদী এই কোর্সের মাধ্যমে সুইমিংপুলটি আবার চালু করেছি। ইতোমধ্যে অনেকই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন বলেন জানান তিনি।
