বাগমারা বারনই নদীতে অবৈধ জাল পুড়িয়ে দিল মৎস্য অফিস
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়েছে। বারনই নদীর শিবজাইট এলাকায় অবৈধ ভাবে চায়না দুয়ারী জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে বারনই নদীতে অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা রবিউল করিম। অভিযানে ৬০ মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে তা ঘটনাস্থলে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। বারনই নদীতে অবৈধ এই জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ শিকার শুরু করে আসছিল একটি চক্র।
সেই সাথে ওই নদীতে অবস্থিত মৎস্য অভয়াশ্রমের উপরে থাকা কয়েকটি খোলশুন (মাছ শিকারের যন্ত্র) উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম জানান, নদীতে অবৈধ ভাবে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা যাবে না। এটি আইনত দন্ডনীয় অপরাধ। নদীতে যারাই অবৈধ ভাবে জাল দিয়ে মাছ শিকারের চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
