১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

লাওসে গ্রেপ্তার এড়াতে পাহাড়-জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে বাগমারার রায়হানকে : পরিবার

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
লাওসে গ্রেপ্তার এড়াতে পাহাড়-জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে বাগমারার রায়হানকে : পরিবার
বিজ্ঞাপন

ফারুক আহমেদ : রাজশাহীর বাগমারা উপজেলার এক যুবক সচ্ছলতার আশায় লাওসে গিয়ে দালালের কাছে জিম্মি হয়ে চরম বিপাকে পড়েছেন। এখন আবার দালালেরা জিম্মি রায়হানের পরিবারের কাছে টাকা দাবি করছে। লাওসে জিম্মি রায়হানের কপালে ভবিষ্যৎ এ কি আছে জানেনা পরিবার। লাওসে জিম্মি রায়হানের পরিবারের দাবি, সাত মাস ধরে ওই যুবককে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাহাড় ও জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। কাজ করেও কোনো মজুরি পাচ্ছেন না। রায়হানের পরিবারটি জানায়, জমি বিক্রি ও ভ্যান চালিয়ে জমানো টাকায় লাওসে পাঠানো হলেও এ পর্যন্ত দেশে কোনো টাকা পাঠাতে পারেননি ওই যুবক। উল্টো স্থানীয় দালালেরা পরিবারের কাছে আরও টাকা দাবি করছেন। এ ঘটনায় দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর বাবা। ভুক্তভোগী ওই যুবকের নাম রায়হান উদ্দিন (২১)। তিনি উপজেলার হায়াতপুর গ্রামের ভ্যানচালক গোকুল হোসেনের ছেলে। রোববার (৮ নভেম্বর) বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন গোকুল হোসেন। লাওসে বিপাকে পড়া রায়হানের পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে স্থানীয় দুই আদম ব্যবসায়ী রেজাউল করিম ও সাজেদুর রহমানের মাধ্যমে লাওসে যান রায়হান। ভালো কাজ ও আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে পাঠানো হয়। এ জন্য রায়হানের পরিবারের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নেন তাঁরা।তবে লাওসের বিমানবন্দরে পৌঁছানোর পরই দালাল চক্রের স্থানীয় সহযোগীরা রায়হানকে নিয়ে যান। এ সময় তাঁর পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন। দুই মাসের পর্যটক ভিসা থাকলেও ভালো কাজের পরিবর্তে তাঁকে বন্দী রাখা হয়। বিভিন্ন স্থানে নামমাত্র কাজ করানো হলেও রায়হান বা তাঁর পরিবার কোনো মজুরি পাননি।অভিযোগের বিষয়ে সাজেদুর রহমান বলেন, ‘আমি শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছি, টাকাপয়সার লেনদেন তারা করেছে। তবে ১৫ নভেম্বরের মধ্যে রায়হানকে ভালো কাজ পাইয়ে দেওয়া হবে বলে আমাকে জানানো হয়েছে।’এদিকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে রায়হান উদ্দিন দৈনিক আমাদের রাজশাহীকে বলেন, লাওসে নেওয়ার পর দালালদের নিয়ন্ত্রণে একটি কক্ষে তাঁকে অন্যদের সঙ্গে গাদাগাদি করে আটকে রাখা হয়। কিছুদিন পর তাঁকে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ঠিকমতো খাবারও দেওয়া হয় না। তাঁর সঙ্গে বাগমারার আরও ৫ জনসহ মোট ১২ জন একই পরিস্থিতিতে দিন-রাত্রি কাটাচ্ছেন। কাজে নিয়ে গেলেও সব টাকা দালালের পকেটে যায় জানিয়ে রায়হান বলেন, ‘ভালো কাজের কথা বললেই নির্যাতন ও পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পারমিট কার্ড দেওয়ার কথা বললেও গত সাত মাসেও তা দেওয়া হয়নি। কার্ড চাইলে দালালেরা বলে, “তোমাকে এক বছরের জন্য বিক্রি করে দেওয়া হয়েছে, এভাবেই থাকতে হবে। পুলিশের অভিযানের সময় অবৈধ অভিবাসীদের পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি করেন রায়হান। তাঁর ভাষ্য, সেখানে অনেক সময় চার-পাঁচ দিন কোনো খাবার দেওয়া হয় না। তখন পাহাড় থেকে বস্তা ভরে ফলমূল সংগ্রহ করতে হয়। কথার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন রায়হান। বলেন, ‘বিদ্যাশ আইসা যে কষ্ট করিত্তি, দেশেও কষ্ট করিনি। লাওসে আসার পর থাইক্যা শুধু আলু খাইয়্যা আছি। হামির কুৎসা ইউনিয়নের হায়াতপুর গ্রামের স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ভ্যানচালক গোকুল হোসেন ধারদেনা করে ও জমি বিক্রি করে ছেলে রায়হানকে বিদেশে পাঠান। কিন্তু শেষ পর্যন্ত ছেলে দালালের খপ্পরে পড়েছেন। এখন ঋণের কিস্তি পরিশোধ করতে বৃদ্ধ বয়সেও তাঁকে ভ্যান চালাতে হচ্ছে। অভিযোগ পাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যেই একজন উপপরিদর্শককে (এসআই) বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন