তিন শতাধিক ছিন্নমূল শিশুদের ঈদ উপহার তুলে দিলেন বেন্টু
স্টাফ রিপোর্টার : ছিন্নমূল শিশু ওরা। তাদের কাছে ঈদের দিনটিও অন্যসব দিনের মতো সাধারণ। তবে এই শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে রাজশাহীর এক মানবিকতার ফেরিওয়ালা। রাজশাহীর তিন শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মানবিকতার ফেরিওয়ালা খ্যাত রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। গতকাল রোববার তরুণদের নিয়ে নিজের গড়ে তোলা সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্ম এর পক্ষ থেকে সমাজের ছিন্নমূল শিশুদের ঈদ উপহার তুলে দেন এই সমাজসেবক।
ঈদ উপহারের নতুন জামা হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে ছিন্নমূল এসব শিশু। আজিজুল আলম বেন্টুর এই মহতি উদ্যোগে খুশি এলাকার দুস্থ অসহায় মানুষ। এই মানবিক উদ্যোগ মডেল হিসেবে নিয়ে দুস্থ, গরীব অসহায়, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আজিজুল আলম বেন্টু বলেন, ঈদ মানেই আনন্দ।
আর বিশেষ করে এই আনন্দটা শিশুদের জন্য। কিন্তু আমাদের সমাজের কিছু ছিন্নমূল শিশু রয়েছে যারা ঈদ এলে মানুষের নতুন পোশাক দেখে আফসোস করে। তাই প্রতিবছরই চেষ্টা করি ঈদ এলে কিছু অসহায় ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে। সমাজের সকল বিত্তবান মানুষের প্রতি এসব শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানান এই সমাজসেবক।
