মাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অত্যন্ত গোপনীয়তার আশ্রয় নেয়া হয়েছে বলে জানান অভিভাবকরা। অভিভাবক এবং শিক্ষার্থী জানিয়েছেন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান কোন রকম নোটিশ বা প্রচার না করে অতি গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন।
তিনি তাঁর পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠন করেছেন। মাড়িয়া গ্রামের অভিভাবক হাফিজুর রহমান, আঃ জলিল, মিলন প্রাং, ৭ম শ্রেণির শিক্ষার্থী রাব্বি, মোহনা, ৮ম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল ইসলাম, ১০ম শ্রেণির শিক্ষার্থী তুষার আহম্মেদ বাপ্পী জানায়, ম্যানেজিং কমিটি গঠনে কোন প্রচার, মাইকিং, শ্রেণিকক্ষে কোন রকম নোটিশ প্রদান করা হয় নাই। সূত্র জানায়, প্রতিষ্ঠানে একাধিক পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণে চলছে আগাম নিয়োগ বাণিজ্যের ডামাডোল। অফিস সহায়ক পদ প্রত্যাশী আমিনুল হক, জানিয়েছেন তাঁর কাছে থেকে প্রধান শিক্ষক পাঁচ লক্ষ টাকা গ্রহণ করেছেন ।
যা এলাকার বহু লোক অবগত বলে তিনি দাবী করেন। মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো পরিস্থিতি নাজুক। এমন কী স্কুলে কোন নোটিশ বোর্ড ও নাম ফলক দেখা যায়নি। অপরিস্কার দেয়ালে আঠা দিয়ে এসএসসি পরীক্ষার ফি নির্ধারনী নোটিশ সাঁটানো রয়েছে। বিদ্যালয় রমজানের ছুটি থাকায় প্রধান শিক্ষকের বাস ভবনে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বসতবাড়ি বর্ধনের কাজ চলছে। নির্মাণ শ্রমিকরা জানান, কিছুক্ষণ আগে স্যার বাড়ি থেকে বের হয়ে গেছেন। নিউজ পাঠানোর পূর্ব মুহূর্তে প্রধান শিক্ষক হাবিবুর রহমান দীর্ঘ আলাপ চারিতায় জানান, আমি প্রধান শিক্ষক হয়ে বেশী দিন হয়নি, নতুন মানুষ।
প্রচারনা ও শ্রেণিকক্ষে নোটিশের বিষয়ে শৈথিল্য ছিল বলে তাঁর বক্তব্যে প্রতীয়মান হয়েছে। বাগমারা উপজেলা একাডেমিক সুপার ভাইজার এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা মুহাম্মদ আব্দুল মুমীত এর নিকট অভিভাবক ও শিক্ষার্থীদের অবগত না করা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সপ্তাহ খানেক আগে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তিনি প্রধান শিক্ষকের নিকট কথা বলতে বলেন। বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
