হাতের মুঠোয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম
প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণ এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিং সেক্টরে একটি আধুনিক ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবস্থান সুদৃঢ়করণের জন্য ইতোমধ্যে এ ব্যাংকের সকল শাখায় (৩৮৩টি) সিবিএস (অনলাইন ব্যাংকিং) বাস্তবায়ন করা হয়েছে। অনলাইন ব্যাংকিং চালু করতে ব্যাংক নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যাংক অত্যন্ত কম সময়ে অনলাইন ব্যাংকিং চালু করেছে। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী মহামারী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করায় ব্যাংকিং কার্যক্রমে স্থবির হয়ে পড়ে।
উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকের আইসিটি বিভাগ কর্তৃক উদ্ভাবিত সিস্টেমের মাধ্যমে ব্যাংকের দক্ষ ও নিবেদিত কর্মকর্তাগণ ঘরে বসে অফ-লাইন ব্যাংকিং হতে ডাটা মাইগ্রেশন করে অনলাইন ব্যাংকিং বাস্তবায়ন করে। অনলাইন ব্যাংকিং সেবা চালুর জন্য ব্যাংকিং কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়েছে। বর্তমানে ডিজিটাল ব্যাংকিং সেবা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। তথ্য প্রযুক্তির কল্যাণে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম এখন হাতের মুঠোয় চলে এসেছে। ব্যাংকিং করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গ্রাহকদের এখন আর ব্যাংকে যেতে হয় না। ঘরে বসেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাচ্ছে।
শুধু তাই নয়, রাকাব এখন অ্যাপভিত্তিক ব্যাংকিং সেবা দেয়া শুরু করেছে। শুধু ব্যাংক থেকে ব্যাংকে নয়, ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল টপআপ এর সুবিধা পাওয়া যাচ্ছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষক ও কৃষি সম্পৃক্ত আপামার জনগণকে ডিজিটাল সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। প্রান্তিক জনগণকে হাতের মুঠোয় ব্যাংকিং সেবা প্রদানের স্বার্থে রাকাবে ‘রাকাব ই-ব্যাংকিং’ নামক মোবাইল App ও ইন্টারনেট ব্যাংকিং চালু করা হয়েছে। গত ২৩ মার্চ ২০২২ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ রাকাব মোবাইল App ও ইন্টারনেট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করেন।
