রাজশাহী নিউ মার্কেটে খুনের আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর নিউ মার্কেটে দোকান বসানো ও চাঁদাবাজি কেন্দ্র করে ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দিনাজপুর জেলার পাবর্তীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। হত্যা মামলার আটককৃত আসামীর নাম আলিফ সরকার রাব্বি (২৬)। সে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বিঞ্ঝুর মোড়ের সেলিম সরকারের ছেলে। রাব্বি চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ে বসবাস করে। ঘটনার পর থেকে সে পালাতক ছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠিতলার রিয়াজ নিউমার্কেট ১নং গেইটের উত্তর পাশে ফুটপাতের উপর দোকান বসিয়ে দীর্ঘদিন যাবৎ জুতা সেন্ডেলের ব্যবসা করে আসছিলো। তার দোকানের পাশে ফাঁকা জায়গা দখলকে কেন্দ্র করে গত ২১ মার্চ ২০২২ রাত ৮ টায় ৮-৯ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে রিয়াজ ও তার ছোট ভাই রিংকুকে গালিগালি করে। রিয়াজ আসামিদের গালাগালি করতে নিষেধ করলে আসামিরা তাদের হাতে থাকা জিআই পাইপ, হাতুড়ি দিয়ে মারপিট করে এবং চাপ্পর ও চাকু দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে রিয়াজ ও তার ছোট ভাই রিংকুকে গুরুত্বর জখম করে।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রিয়াজ ও রিংকুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রিয়াজের মৃত্যু হয়। মৃত রিয়াজের পিতা মধু শেখের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পর হতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের দিকনির্দেশনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম আসামীদের অবস্থান সনাক্তপূর্বক গ্রেপ্তারে অভিযান শুরু করে গ্রেপ্তার করা হয়।
