চারঘাটে গ্রাম্য চিকিৎসককে গলাকেটে হত্যা
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে আবদুল মান্নান (৭০) নামে এক গ্রাম্য চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল মান্নান ওই গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, আবদুল মান্নান গত শুক্রবার বিকেলে ইফতারি নিয়ে নিজের পাট ক্ষেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও কাজ শেষ করে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন।
পরে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন পাট ক্ষেতের পাশের কলা বাগানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এ সময় স্বজনেরা তার লাশ শনাক্ত করেন। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, আবদুল মান্নান পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে তার ওষুধের দোকান রয়েছে। ওসি (তদন্ত) আবদুল লতিফ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
