৩১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গভীর নলকূপ অপারেটর সাখাওয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ৩:০১ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
গভীর নলকূপ অপারেটর সাখাওয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাজশাহীর একটি আদালত এ আদেশ দিয়েছেন। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামি সাখাওয়াত হোসেনের তিন দিনের রিমান্ড চেয়েছিলেন। মঙ্গলবার শুনানির পর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন। তবে আসামিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি (৩৭) ও তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭) বিষপান করেন। এতে অভিনাথ সেদিনই মারা যান। রবি মারা যান ২৫ মার্চ। পরিবারের দাবি, নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সাখাওয়াত এ দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি না দিয়ে বিষ খেতে বলেছিলেন। এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়। এরপর গত শনিবার দিবাগত রাতে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়।

সেদিন আদালত সাখাওয়াতকে কারাগারে পাঠান। এদিকে ঘটনা তদন্তে গঠিত কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পানি বন্টনে সাখাওয়াতের নানা অনিয়ম পেয়েছে। মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দাখিলও হয়েছে। গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষও (বিএমডিএ) আলাদা তদন্ত করলে সাখাওয়াতের অনিয়ম বেরিয়ে এসেছে। গ্রেপ্তারের পর গত রোববার সাখাওয়াতের নিয়োগ বাতিল করেছে বিএমডিএ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন