৩১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী কলেজের গৌরবময় সাফল্য

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী কলেজের গৌরবময় সাফল্য
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এ বছর কলেজ থেকে মোট ৪৪১ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩৯ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৩৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে বিজ্ঞান শাখায় ২৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪১ জন, মানবিক শাখায় ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফেল করেছে ২ জন শিক্ষার্থী। সামগ্রিক পাসের হার ৯৯.৫৫ শতাংশ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ ইকবাল হোসেন, কলেজের শিক্ষকমণ্ডলী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ফলাফল প্রকাশের পর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী শিক্ষার্থীদের এ কৃতিত্বপূর্ণ ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং জিপিএ-৫ অর্জনকারীসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের অধ্যবসায় ও একাগ্রতা, শিক্ষকবৃন্দের আন্তরিকতা, এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। ভবিষ্যতে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে আরও ভালো ফলাফল অর্জন এবং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন