বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

দুই হাজার কোটি টাকা পাচার, সাবেক মন্ত্রীর ভাই গ্রেফতার

Paris
Update : বুধবার, ৯ মার্চ, ২০২২

এফএনএস : ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতোয়ালী থানায় এ-সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা। এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।


আরোও অন্যান্য খবর
Paris